মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্ক:
কুমিল্লায় ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদসহ হাবিবুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (১০ আগস্ট) রাতে কুমিল্লা নগরের কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় হাবিবুর রহমানের হেফাজত থেকে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার হাবিবুর রহমান কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানানো হয়, হাবিবুর দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিয়ার ও বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।
র্যাব-১১ জানিয়েছে, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।