বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
দণ্ডাদেশপ্রাপ্ত আসামী- ছবিঃ প্রতিনিধি। “স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর দ্রুত তদন্ত ও বিচার শেষে রায়, আদালতে স্বজন ও স্থানীয়দের ভিড়”
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি রবিউল শিকদার রবিকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম ওরফে রবি রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেলে রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে একা পেয়ে নিজের ঘরে নিয়ে যান রবিউল। সেখানে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পরদিন নিহত শিশুটির বাবা বাদী হয়ে রবিউলকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। একই দিন সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন রবিউলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
মামলা দায়েরের পর ২২ জুলাই সকালে পুলিশ রবিউলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, রিমান্ডের রাতেই রবিউল আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত শেষে গত ৪ আগস্ট নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু রবিউলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর ১১ আগস্ট মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। শুনানি শেষে আদালত ১৯ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেন।
শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নড়াইলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রায় ঘোষণাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই নড়াইল আদালত চত্বরে নিহত শিশুটির স্বজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা জড়ো হন। সকাল ১০টার দিকে পুলিশ পাহারায় রবিউলকে আদালতে আনা হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে বিচারক শেখ ছামিদুল ইসলাম মামলার রায় ঘোষণা করেন। রায়ে রবিউল শিকদার রবিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়।
রায় ঘোষণার পর নিহত শিশুটির স্বজন ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।