মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ডেস্ক সংবাদ.
টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমে এখন বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রাতে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এখন পানি কমে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাইবো)।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)।
গতকাল (বৃহস্পতিবার) রাতে তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছিল।
ডিমলা টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে ওঠায় নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছিল। তবে আজকে (শুক্রবার) সকালে কমে যাওয়ার কারণে পানি নেমে যাচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সকাল ৯টায় তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বর্তমান অবস্থা অনুযায়ী পানি আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।