মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম, ডেস্ক:
কুমিল্লায় পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা, ৭০ বোতল বিদেশি মদ ও ৯০ বোতল বিয়ার উদ্ধার করেছে র্যাব-১১। এ সময় মাদক ব্যবসার অভিযোগে মো. সিব্বির হোসেন (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি দল কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার দড়িবট গ্রামে অভিযান চালায়। এ সময় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ অভিযানে কাউকে গ্রেপ্তারের তথ্য জানায়নি র্যাব।
এরপর ২৯ আগস্ট সকালে একই ইউনিটের আরেকটি দল কুমিল্লা কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে সিব্বির হোসেনকে গ্রেপ্তার করে। তাঁর হেফাজত থেকে ৭০ বোতল বিদেশি মদ ও ৯০ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার সিব্বির হোসেন কিশোরগঞ্জের বাজিতপুর থানার শাহাপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ার সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসার কথা জানিয়েছেন বলে দাবি করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১১।