মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। উদ্ধার করা বিষ, যানবাহন ও অন্যান্য আলামতের সিজার মূল্য ধরা হয়েছে ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা।
গত ১৩ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি, র্যাব-১৩ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত যৌথ দল চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় তিনটি কাচের জারে রাখা সাপের বিষসহ চারজনকে আটক করা হয়।
অভিযানে একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর শহরের ছোট গুড়গোলা এলাকার সালাউদ্দিন সান্ধসঢ়;জু (৪১), ফুলবাড়ী উপজেলার খেতদিঘী গ্রামের আনিছুর রহমান (৫৫) এবং বিরামপুর উপজেলার কুন্দনহাট গ্রামের উজ্জল আলী (৫৪)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। এর আগে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচারের কথাও তারা জানিয়েছেন। উদ্ধার করা বিষ বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে ধারণা করছে বিজিবি।
আদালতের নির্দেশে উদ্ধার করা নমুনা দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় নমুনাটি সাপের বিষ হিসেবে শনাক্ত হয়েছে।
চিরিরবন্দর থানার ওসি মো. মাহামুদুন নবী জানান, গ্রেপ্তার চারজন ও তাদের সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে চক্রটির মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, বন্যপ্রাণীজাত পণ্যসহ সব ধরনের অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।