মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্ক:
র্যাব-১১ এর পৃথক অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে ১ লাখ ৯৪ হাজার পিস চোরাচালানকৃত বিদেশি সিগারেট এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। একই দিনে জেলার কোতোয়ালি মডেল থানার দুর্গাপুর (পূর্বপাড়া) এলাকায় পৃথক অভিযানে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার ময়নামতি সাহেববাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও সেগুলো পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
এদিকে একই দিন সকালে কোতোয়ালি মডেল থানার দুর্গাপুর (পূর্বপাড়া) এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. বিল্লাল হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার বিল্লাল হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পশ্চিম ইটাল্লা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন।
র্যাব-১১ জানিয়েছে, মাদক ও চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।