বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুজন মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর গ্রামের জোড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন মিয়া মির্জাপুর সরদারবাড়ি এলাকার মতলেব শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার একটি দল মির্জাপুর জোড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন সুজন মিয়াকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার দেখানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর থানার উপপরিদর্শক (এসআই) মফিজ মোল্লা। তাঁর সঙ্গে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) নাহিদ নিয়াজ, এএসআই রমজান আলীসহ পুলিশের একটি দল।
পুলিশ জানায়, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সংরক্ষণ, বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।