বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির, উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, সাংবাদিক রফিকুল আলম ও সাংবাদিক আমিনুল ইসলাম (শ্রাবণ)।
সভায় বক্তারা ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আয়শা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ধুনট পুরাতন প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।