মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধি.
রংপুর জেলার মিঠাপুকুরে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার (১ জুন) ভোরে উপজেলার বালারহাট ইউনিয়নের বালারহাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ছাত্তার মিয়া(৫০), হুজুর আলী(৪৫) ও সাজু মিয়া(৫৫)। হাসপাতালে চিকিৎসাধীন আছেন এরশাদ মিয়া(৪০)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার রাতে ওই ৪ জন মদপান করেন। পরে তাঁরা বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে হুজুর আলী নিজ বাড়িতেই ভোরে মারা যান। অন্য ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আব্দুস সাত্তার ও দুপুরে সাজু মিয়া মারা যান।
নিহতদের পরিবার সুত্রে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুজুর আলীর মৃত্যু হয়। অপরদিকে ছাত্তার মিয়া তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কয়ারমারি গুচ্ছগ্রামে বসবাস করতেন। অসুস্থ হয়ে পড়ার পর সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম বলেন, তারা মদ্যপান করেই মারা গিয়েছে। তাদের পরিবারের লোকজন বিষয়টি গোপন করার চেষ্টা করতেছে যেন পোস্টমর্টেম না হয় এই জন্য।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ হোসেন বলেন, মদপানে তাদের মৃত্যু হয়েছে কি না জানি না। পরিবারের লোকজন বলছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। হাসপাতালের কাগজ আছে এবং বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।