শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
ডেস্ক সংবাদ.
রংপুরের তারাগঞ্জে ক্যাপিটেশন গ্র্যান্ডপ্রাপ্ত বে-সরকারি এতিমখানায় ১’শ লক্ষাধিক টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসন হলরুমে উপজেলার ১৫টি এতিমখানায় ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে এক কোটি চার লাখ ৪ হাজার টাকার চেক বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
এর আগে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ছয়জন প্রতিবন্ধীর মাঝে ছয়টি হুইল চেয়ার বিতরণ শেষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি কৃষকদের প্রতি বিগত সময়ের চেয়ে আরো বেশি আন্তরিক হয়ে কৃষি সেবার মান বৃদ্ধির তাগিদ করেন। একই সাথে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি চালু রাখার আহ্বান করেন।
তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সময়মতো সঠিক উপকরণ ও কৃষি সেবা পেলে কৃষকরা অধিক ফলন নিশ্চিত করতে পারবে। কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে। এসময় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পাট ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উন্নতমানের ধান বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আমির এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক মো. আমিনুল ইসলাম, কাজী হুদা সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।